ওঙ্কার ডেস্ক: বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন । বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলছে হালকা রোদের। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কয়েক জায়গায় কালবৈশাখীর মত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলাতে।
তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পাশাপাশি চলতি সপ্তাহের রবিবার পর্যন্ত কমবেশি উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায়।
এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।
