ওঙ্কার ডেস্ক: শুক্রবারও শহর কলকাতায় হাড় কাঁপানো শীত বজায় রয়েছে। শুধুমাত্র শহর কলকাতা নয়, রাজ্যজুড়ে শীতের আমেজে মেতেছে বঙ্গবাসী। সঙ্গে রয়েছে কুয়াশা, ভোরের দিকে কুয়াশার চাদরে ঢেকেছে চারিদিক পাশাপাশি চলছে উত্তুরে হাওয়াও। তবে আবহাওয়া দফতর সুত্রে খবর, সপ্তাহান্তে কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যদিও নিম্নচাপের কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না বলেই জানা গিয়েছে। যার ফলে গোটা রাজ্যে মোটামুটি উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে। অর্থাৎ শীতের আবহাওয়ায় বিশেষ বদল হবে না। শনিবার পর্যন্ত মোটের উপর একই থাকবে আবহাওয়া। তবে রবিবার থেকে একটু তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায় বেশ পারদ পতন হয়েছে, পাশাপাশি কলকাতাবাসীও এবছর বেশ ঠাণ্ডা উপভোগ করেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরের দু’দিনে আরও দু’ডিগ্রি চড়তে পারে পারদ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম ও নদিয়ার মতো জেলায় শীতের আমেজ রয়েছে। ভোরের দিকে কুয়াশার দাপট বাড়ছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম। অন্যদিকে, দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গেই এখন শীতের দাপট অব্যাহত। রোজই ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাচ্ছে দার্জিলিঙের তাপমাত্রা। সর্বত্র শুকনো আবহাওয়া থাকলেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকতে পারে।
