ওঙ্কার ডেস্ক: টাক ডুমা ডুম ডুম… ঢাকে কাঠি পড়ে গেলো।
এই ঢাক শীত বিদায়ের বার্তা দিচ্ছে। অন্যদিকে ঢাক ঢোল সহকারে আগমনের জন্য প্রস্তুত গ্রীষ্ম। কারণ জানুয়ারীর শুরুতে যেভাবে শীতে কাবু হয়েছিল রাজ্যবাসী, তা জানুয়ারীর মাঝ গগন থেকেই টাটা বলে দিয়েছিল। আর জানুয়ারী শেষ হওয়ার আগেই কার্যত রাজ্য থেকে উবে গেছে শীত। যে অবশিষ্টাংশ পড়ে আছে, তাও খুব তাড়াতাড়িই বিদায় নেবে। অন্তত তেমনি আভাস পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী।
ইতিমধ্যেই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২৭ ডিগ্রির ঘর। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার পারদ প্রতিদিনই কিছুটা করে উর্দ্ধমুখী হচ্ছে। পাশাপাশি কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে রাত এবং ভোরের দিকে আপাতত ঠান্ডার আমেজ থাকবে। তবে বেলা বাড়তেই লাগবে গরম। যার ফলে গায়ে রাখা যাবে না শীত পোশাক। আগামী কয়েক দিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। কলকাতা বা দক্ষিণের অন্যান্য আর কোনো জেলাতেই কনকনে ঠান্ডা পড়বে না।
তবে ঠিক এর উল্টো ছবি উত্তরবঙ্গে। সেখানে এখনো রাজত্ব করছে শীত। উত্তরবঙ্গে দার্জিলিং সহ একাধিক পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকতে পারে ঘন কুয়াশা। দার্জিলিং, কালিম্পং, সান্দাকফুতে দারুণ শীত অনুভূত হবে।
তবে আর কি, গরম এবছরের শুরুতেই যা টিজার দেখাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে বৈশাখ – জ্যৈষ্ঠের মুক্তি পাওয়া সিনেমা কতটা প্রভাবশালী হবে!
