ওঙ্কার ডেস্ক: সোমবারের সকালটা যেন কেমন একটু অন্যরকম। খেলার ময়দানের বিষণ্নতা যেন আজ আকাশকেও স্পর্শ করেছে। যে নীল-সাদার ঝড় ওঠার কথা ছিল গতরাতে, তা না ওঠায় আকাশের নীল-সাদা রং-টাও যেন ম্লান হয়ে গেছে। একরাশ মন খারাপ নিয়ে মুখ ভার তাই আকাশেরও।
কিন্তু মন খারাপের মাঝে এটাও সত্য যে আজ সোমবার, সপ্তাহের প্রথমদিন। কাজে তো ফিরতেই হবে। তাই জেনে নেওয়া যাক আকাশের মুখ ভার আর কতদিন থাকবে। অর্থাৎ আবহাওয়ার আপডেট কি রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ অর্থাৎ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আর এমন পরিস্থিতি বজায় থাকবে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত।
আগামী ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে।
এবার নজর রাখা যাক উত্তরবঙ্গের দিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এই সকল জেলার কয়েকটি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলার এক বা দু’টি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।