ওঙ্কার ডেস্ক: ভ্যাপসা গরমে যখন নাজেহাল দক্ষিণ বঙ্গবাসী সেই সময় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস । আগামী সপ্তাহ থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
দক্ষিণের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রাও নামবে বেশ খানিকটা।বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে আপাতত গরমের সতর্কতা জারি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। বুধবার পর্যন্ত এই গরমের অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এরপর বুধবার থেকে কমতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ।