ওঙ্কার ডেস্ক: প্রচলিত একটা কথা আছে, জগন্নাথ দেবের আশীর্বাদে, রথযাত্রার দিন নাকি বৃষ্টি হবেই। আর সেই প্রচলন অনুযায়ী হোক কি আবহাওয়ার কারণে, রথের দিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার দফায় দফায় রাজ্যের বিভিন্ন জেলার প্রান্তে প্রান্তে বৃষ্টি হয়েছে।
তবে সোজা রথ কেটে গেলেও উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের কিন্তু এখনও কাটে নি বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
রথের দিনের মতোই আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ কিমি। শুধু এই সব জেলা নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
এই দিন কলকাতা , উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
এবার দেখে নেওয়া যাক উত্তরের কি খবর রয়েছে।
শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ১৯ জুলাইয়ের পর থেকে সেখানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে বাড়তে পারে জলস্তর। এছাড়া ধস নামার আশঙ্কাও রয়েছে।
তবে সতর্কবার্তা জারি পাহাড় – সমুদ্র উভয়েই। কারণ নিম্নচাপের জেরে যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে, তার ফলে সমুদ্রের জল থাকবে উত্তাল। তাই শনিবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন সমুদ্রে মাছ না ধরতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অপরদিকে পাহাড়ে ভারী বৃষ্টির ফলে যেহেতু ধস নামার সম্ভাবনা রয়েছে, তাই উত্তরবঙ্গের পর্যটকদের খুব সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।