ওঙ্কার ডেস্কঃ সপ্তাহান্ত প্রায় চলেই এল। আর এবারে সপ্তাহান্তেই পড়েছে জামাইষষ্ঠী। তো এবার কেমন যাবে জামাইষষ্ঠীর আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক।
রাজ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। কিন্তু বর্ষার বৃষ্টি তো দূর, গত কয়েক দিনে ছিটেফোঁটা বৃষ্টিরও দেখা নেই দক্ষিণবঙ্গে। বৃষ্টির আশায় চাতক পাখির মত বসে আছে সকলেই।
আজ, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশ কিছু জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে । বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এই সব জেলায়। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। ২০ থেকে ২২ জুন এই সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহের শুরুতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এই দুই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতাও। পাশাপাশি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি পেতে পারে উত্তর দিনাজপুর জেলাতেও।