ওঙ্কার ডেস্ক: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই বছরের মত বিদায় নিয়েছে বৈশাখ। শুরু জ্যৈষ্ঠ। আর জ্যৈষ্ঠ মাস মানেই গরমের দাপটে অস্থির হয়ে উঠবে দক্ষিণবঙ্গ। তৃষ্ণার্ত কাকের মতো বৃষ্টির জন্য অপেক্ষায় থাকবে প্রত্যেকে। এটাই খুব স্বাভাবিক চিত্র।
আর সেই পরিচিত ছবিতে আপাতত যে কোনো পরিবর্তন আসবে না, এমনটাই জানিয়ে দিল হাওয়া অফিসের বিশেষজ্ঞরা।
কি বলছেন তারা? কেমন থাকবে দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া?
চলুন দেখে নেওয়া যাক।
প্রথমেই আসা যাক, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আশার খবর আছে, সেই দিকে।
আপাতত দক্ষিণে বাড়বে তাপমাত্রার পারদ। পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কলকাতাসহ দক্ষিণের বেশ কিছু জেলায় তাপমাত্রা বাড়তে পারে ২-৪ ডিগ্রি পর্যন্ত। তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৬ থেকে ৩৭ ডিগ্রির কাছাকাছি।
তবে দক্ষিণের কিছু কিছু জেলায় আজ অর্থাৎ শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই সব জেলায় বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। স্থানীয় ভাবে মেঘের সঞ্চার হয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতেই।
দক্ষিণের বিপরীত যেমন উত্তর, তেমনি আবহাওয়ার দিক থেকেও তাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণের ঠিক বিপরীত আবহাওয়া চলছে উত্তরে। দক্ষিণ যেখানে পুড়ছে তাপে, সেখানে উত্তর এখন বৃষ্টিস্নাত।
শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তরের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। আর উত্তরে এমন পরিস্থিতি চলবে রবিবার পর্যন্ত।