ওঙ্কার ডেস্ক: রাজ্যে বর্ষার দাপট ক্রমশ বাড়ছে। যার ফলে দক্ষিণবঙ্গের কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টির পরিমাণও বাড়ছে। পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি।
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। যার ফলে জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।