ওঙ্কার ডেস্ক: বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। যার প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। উত্তর ২৪ পরগণা, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টি হলেও বজায় থাকবে গরমের অস্বস্তি।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে জারি হয়েছে কমলা সতর্কতা। মঙ্গলবার সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।