ওঙ্কার ডেস্ক: বিগত কয়েকদিন ধরেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশে সকালের দিকে রৌদ্রজ্জ্বল আকাশ দেখা যাচ্ছে। ফলে গরমও বেশ লাগছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে ছবিটা। কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। ফলে কোথাও মাঝারি, কোথাও বা আবার ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ ব্যস্ত সপ্তাহের প্রথমদিন আবহাওয়া কেমন থাকবে? কি জানাচ্ছে আবহাওয়া দফতর? চলুন জেনে নেওয়া যাক।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি।
অপরদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই জারি হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।
কোচবিহার, উত্তর দিনাজপুর , কালিম্পং , মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই জেলাগুলির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা।