ওঙ্কার ডেস্ক: মধুর প্রেম ভালোবাসার সপ্তাহকে আরও মধুর করতে নিজের যাওয়ার দিনটাকে কিছুটা পিছিয়েছিল শীত। তবে এবার শীতকাতুরেদের জন্য সুখবর। এবার শীত বিদায়ের নির্ঘণ্ট বেঁধে দিল হাওয়া অফিস। কার্যত বলা যেতে পারে শীত বিদায়ের দিনক্ষণে সিলমোহর দিল আলিপুর আবহাওয়া দফতর।
চলতি সপ্তাহেই বিদায় নিতে চলেছে শীত। আর কিছুদিনের মধ্যেই তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণবঙ্গের সিউড়িতে রেকর্ড তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির আশেপাশে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই সামান্য বাড়তে শুরু করবে তাপমাত্রা। যদিও স্পষ্ট ভাবে বেশ গরম অনুভূত হতে পারে ১৪ ফেব্রুয়ারি থেকেই। কলকাতায় ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে। কিন্তু এরপর থেকে চড়বে পারদ।
আজ বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ ডিগ্রির আশেপাশে। কিন্তু আগামী ১৪ ফেব্রুয়ারি শ্রীনিকেতনের এই তাপমাত্রাই বেড়ে হতে পারে ১৩ ডিগ্রি। আগামী এক সপ্তাহে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে তাপমাত্রা।
অন্যদিকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। রবিবার উত্তরবঙ্গের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১০ ডিগ্রি ও দার্জিলিঙের পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ৩.৫ ডিগ্রি।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশার কোনও বিশেষ পূর্বাভাস বা সতর্কতা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তিন দিন পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই ২ ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
