ওঙ্কার বাংলা: রাজ্য জুড়ে শীত যে বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে গরমের দাপট। ফেব্রুয়ারির শেষে গরম যদি তার এমন রূপ দেখায়, তবে বৈশাখ – জ্যৈষ্ঠতে কতটা গলদঘর্ম হতে হবে রাজ্যবাসীকে তা কিছুটা হলেও অনুমান করা যায়।
একেই গরম, তার উপর আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে হওয়া অফিসের মতে, বৃষ্টি হলেও রাজ্যে শীত ফেরার কোনো সম্ভাবনাই নেই আর।
সোমবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। উত্তরের পার্বত্য জেলা যেমন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
একদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি হারিয়ে পরিণত হওয়া ঘূর্ণাবর্ত অপরদিকে অসমের উপরে তৈরি হাওয়া ঘূর্ণাবর্তই দায়ী এই বৃষ্টিপাতের জন্য।
রবিবার উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
তবে আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী, ফেব্রুয়ারি শেষ হওয়ার সপ্তাহ খানেক আগে থেকে যে ভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ছে, তাতে আগামী দিনে তীব্র গরম পড়তে চলেছে। দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছিও পৌঁছে যেতে পারে।
তবে আর কি, বলাই যেতে পারে, ঋতুচক্র থেকে বিদায় নিচ্ছে বসন্ত, ডিরেক্ট এন্ট্রি নিচ্ছে ‘ গ্রীষ্ম ‘ ।
