ওঙ্কার ডেস্ক: গত কয়েকদিন বেশ ভালই ঠান্ডা পড়েছিল উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও। তবে বছরের প্রথম দিন থেকেই আবারও শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে দক্ষিণবঙ্গে শীতের প্রভাব কমতে চলেছে নতুন বছরের শুরুতেই।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই কমবে উত্তুরে হাওয়ার দাপট। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীত আবার বাড়বে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে গিয়ে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেই আবারও পারদ নামবে দক্ষিণবঙ্গে। আগামী ৭দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভোরবেলায় ও সকালে কুয়াশার দাপট বেশি থাকবে। যার ফলে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
উত্তরবঙ্গে আগামী ৪দিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে তার পর সর্বনিম্ন তাপমাত্রা ফের নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
