ওঙ্কার ডেস্কঃ প্রেমের সপ্তাহ শেষের পাশাপাশি কার্যত বিদায় ঘণ্টা বাজছে শীতেরও। হাওয়া অফিসের মতে, শীতের রেশ কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এক নিম্নচাপ। যদিও আগামী ৭ দিন আবহাওয়া শুষ্ক ও স্বস্তিদায়ক থাকবে।
অন্যদিকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে দক্ষিণের তাপমাত্রার পারদ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আশেপাশের জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩২ ডিগ্রির আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকালে হালকা কুয়াশার সঙ্গে সামান্য শীতের আমেজ থাকলেও, একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কার্যত গায়েব হবে ঠান্ডা।
শুক্রবার দক্ষিণবঙ্গের কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি উত্তরবঙ্গের সমতল এলাকায় রেকর্ডেড সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি দার্জিলিং এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার জন্য আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে।
তবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা একই রকম থাকতে পারে বরং সামান্য বাড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
