ওঙ্কার ডেস্ক: বঙ্গে নির্বাচন শেষ হয়ে গেলেও শান্ত হয়নি ফলতা। ফের নতুন করে অশান্তি সৃষ্টি হল ফলতায়। ভোট-পরবর্তী অশান্তির জেরে শুক্রবার হাশিমনগর এলাকায় চরম উত্তেজনা। বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুত জটিল আকার নেয়।
অভিযোগের তির তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দিকে। ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের দিন থেকেই হাশিমনগর-সহ একাধিক এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। বিজেপির দাবি, তাদের বহু কর্মী ও সমর্থককে ভোট দিতে বাধা দেওয়া হয়। এমনকি বুথে ঢুকতেও দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করতেই ভোট শেষের পর এলাকায় শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, সেই সময় তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে। বিজেপির দাবি, দুষ্কৃতিদের হাতে আহত হন একাধিক কর্মী। ঘটনার জেরে ক্ষুব্ধ বিজেপি সমর্থকরা হাশিমনগর এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড ফেলে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এর পর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
পরিস্থিতি সামাল দিতে এলাকায় উপস্থিত হন ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশেষ পর্যবেক্ষক আইপিএস অজয়পাল শর্মা। তিনি সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন। তাঁর উপস্থিতিতে প্রশাসন আরও সক্রিয় হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চলে। প্রশাসনের তরফে বিক্ষোভকারীদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।