নিজস্ব প্রতিনিধি, বীরভূম : শিক্ষক নিয়োগে দুর্নীতির রেশ কাটেনি। এর মধ্যে যুক্ত হল রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় জালিয়াতি নিয়ে ব্যাপক তোলপাড়। রবিবারের ওই পরীক্ষায় নকল প্রশ্নপত্র বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছেন পুলিশেরই এক কনস্টেবল।
কাঞ্চন মেটে নামে বীরভূমের ওই যুবক কলকাতা পুলিশের পূর্ব যাদবপুর ট্র্যাফিক গার্ডে কর্মরত ছিলেন। তাঁকে গ্রেফতার করেছে দিঘা থানার পুলিশ। এই নিয়ে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় আটজন গ্রেফতার হল।
সোমবার কাঞ্চনকে কাঁথি মহকুমা আদালত সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। ধৃত বাকি সাতজনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজ, মঙ্গলবার। পুলিশ সূত্রের খবর, ধৃতদের জেরায় জানা গিয়েছে, কলকাতা থেকে প্রশ্ন এবং উত্তরপত্র এনেছিল দুই যুবক। চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিয়েছিল তিনজন। আর সমন্বয় রাখত দু’জন। ইতিমধ্যে একটি প্রশ্ন উদ্ধারও হয়েছে। তবে মূল প্রশ্নপত্রের সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যায়নি বলে দাবি। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিসিপ্লিন অ্যান্ড ট্রেনিং) আবুনূর হোসেন বলেন, “রবিবার ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।”
কাঞ্চন নানুরের উচকরণ অঞ্চলের গোপডিহির বাসিন্দা। এলাকাবাসীদের অভিযোগ,কাঞ্চন নানুরের উচকরণ অঞ্চলে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা লেনদেনের অভিযোগ তাঁর বিরুদ্ধে আগেও উঠেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রশ্নপত্র ফাঁস চক্রের মাথা কাঞ্চন। একটি প্রশ্নপত্র কলকাতা থেকে ছাপিয়ে সিভিকের মাধ্যমে দিঘায় পাঠিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, পরীক্ষার্থীদের আস্থা অর্জনে ধৃতেরা নিজেদের এক জনকে বড় পুলিশ কর্তা, এক জনকে আইনজীবী সাজিয়েছিল।
