ওঙ্কার ডেস্ক: পুলিশ হেফাজতে নিহত তৃণমূল কর্মী বিরজু কেওটের মৃত্যুর পর রবিবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার হালিশহরে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। যার পর প্রশ্ন উঠেছিল মমতার নিরাপত্তা নিয়ে, এ বিষয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদন, তৃণমূল নেত্রী কোথাও গেলে যেন পুলিশকে জানান, তাহলে তাঁর নিরাপত্তার অভাব হবে না।
রবিবার হালিশহরে বিরজুর পরিবারের সঙ্গে দেখা করার পর সোমবার সেখানে যান শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি তো পুলিশকে না জানিয়ে এসেছিলেন। জনরোষ তৈরি হয়েছিল। আমাদের বিধায়ক জানামাত্রই পুলিশকে দিয়ে ব্যবস্থা নিয়েছেন। আমার অনুরোধ, এবার থেকে আপনি যেখানে যাবেন, সময়মতো পুলিশকে জানাবেন। আপনার যাঁকে খুশি, কলকাতার সিপি বা ডিআইজিকে জানাবেন। ডিজিকে আপনার পছন্দ না হলে অন্য কাউকে বলবেন। আমাদের পুলিশ আপনার নিরাপত্তার ব্যবস্থা নেবে।’ উল্লেখ্য, রবিবার মমতাকে চোর স্লোগান দেওয়া হয়। যা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘এত চুরি করেছেন, চোর স্লোগান তো শুনতেই হবে।’
সোমবার শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘নিরাপত্তায় কোথাও কোনও গাফিলতি নেই। আপনাকে ঘিরে যা হয়েছে, তা স্থানীয় পুলিশের সমস্যা। আমাদের বিধায়ক খবর পেয়েই পুলিশের মাধ্যমে পরিস্থিতি সামলেছে। পুলিশ তো সবসময় এক জায়গায় থাকে না। তাদেরও একটু সময় দিতে হয়। যাই হোক, আপনাকে আমি পরামর্শ ঠিক দেব না। অনুরোধ করছি, আপনি যেখানে খুশি যাবেন। কিন্তু তার আগে সময়মতো পুলিশকে জানাবেন। পুলিশ প্রয়োজনমতো যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করবে।’