নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : রাজ্যে সরকারের পরিবর্তন ঘটার পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কাল অবস্থা সামনে আসছে। রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঘুরে দাঁড় করাতে জেলার হাসপাতাল গুলির পরিকাঠামো খতিয়ে দেখতে শুক্রবার জেলা সফরে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এদিন প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। পাশাপাশি চিকিৎসক থেকে কর্মীদের সাথে এমনকি রুগি ও রুগির পরিবারের সাথে কথা বলে সমস্যার কথা শুনেন। এরপর তিনি পৌঁছেন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে, হাসপাতালে পৌঁছে রোগীদের পাশাপাশি ডাক্তার এবং নার্সদের সঙ্গেও তিনি কথা বলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান এখনো পর্যন্ত জেলার দুটি হাসপাতাল তিনি পরিদর্শন করলেন এর মধ্যে সবথেকে ভালো চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। যা কিছু ভুল ভ্রান্তি রয়েছে তা অল্প কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
তার পাশাপাশি তিনি বলেন, “কথায় কথায় অন্য হাসপাতালে রোগী রেফার করা আর চলবে না।” বৃহস্পতিবার হুগলির চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে আচমকা হাজির হয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে এভাবেই কড়া বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এদিন কোনও পূর্বঘোষণা ছাড়াই সোজা হাসপাতালে পৌঁছে যান মন্ত্রী। গোটা হাসপাতাল চত্বর ঘুরে দেখার পাশাপাশি খতিয়ে দেখেন ওপিডি (আউটডোর) ও রান্নাঘরের খাবার তৈরির ব্যবস্থা। কথা বলেন চিকিৎসাধীন রোগী এবং তাঁদের পরিজনদের সঙ্গেও। পরিষেবা কেমন মিলছে, কোথাও কোনও খামতি রয়েছে কি না- সে সব বিষয়ে নিজেই খোঁজখবর নেন তিনি। পরিদর্শন শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, হাসপাতালটি নিয়ে তাঁর কাছে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ আসছিল। বিশেষ করে আউটডোরে রোগীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা এবং চিকিৎসকদের একাংশের অনীহা নিয়ে ক্ষোভ জমছিল। তিনি স্পষ্ট জানান, রোগীদের যথাযথ গুরুত্ব দিয়ে চিকিৎসা করতে হবে। কেউ যেন পরিষেবা না পেয়ে ফিরে না যান, সে বিষয়ে নজর দিতে হবে। পাশাপাশি, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন, ডাক্তার-নার্স নিয়োগ এবং রাজ্যের ডাক্তাররা যাতে বাইরে চলে না যান, সেদিকেও সরকার নজর দিচ্ছে বলে জানান তিনি।