ওঙ্কার ডেস্ক: প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তথা গ্রেপ্তার হওয়া তীর্থঙ্কর ঘোষকে শনিবার সকালে পানিহাটি এলাকায় নিয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করাল পুলিশ। পুলিশি নিরাপত্তার মধ্যেই তাঁকে এলাকার বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। এই সময় স্থানীয় বাসিন্দাদের একাংশ তীর্থঙ্করকে দেখে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। একই সঙ্গে পলাতক নির্মল ঘোষকে দ্রুত গ্রেপ্তারের দাবিও ওঠে। বর্তমানে তীর্থঙ্কর ঘোষ পুলিশ হেফাজতে রয়েছেন।
গত সপ্তাহে খড়দহ থানার পুলিশ তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে তাঁকে পুলিশ হেফাজতে রেখে তদন্ত চালানো হচ্ছে। তদন্তের স্বার্থেই শনিবার সকালে তাঁকে পানিহাটির বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। গোটা এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। তবে পুলিশের উপস্থিতি সত্ত্বেও বহু স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেন এবং তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে স্লোগান তোলেন। পাশাপাশি তাঁর বাবা নির্মল ঘোষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পানিহাটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তীর্থঙ্কর ঘোষ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথ। নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হন তীর্থঙ্কর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বাবা-ছেলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করে। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার একাধিক ঘটনায় তীর্থঙ্করের নাম উঠে আসে। এছাড়াও এক গাড়িচালক লটারিতে কোটি টাকা জেতার পর সেই অর্থ জোর করে কেড়ে নেওয়ার অভিযোগে নির্মল ঘোষ ও তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় দীর্ঘদিন ধরেই তাঁদের খুঁজছিল পুলিশ।