নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ গত কয়েকদিন ধরে টানা অস্বাভাবিক বৃষ্টিপাতের জেরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার মতো পটাশপুর বিধানসভা এলাকাতেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাগুই নদী সংলগ্ন একাধিক গ্রামে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বহু বাড়িঘরে জল ঢুকে পড়েছে, জলমগ্ন হয়ে পড়েছে চাষের জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ রাস্তা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এই পরিস্থিতিতে বুধবার ক্ষতিগ্রস্ত ও জলাবদ্ধ এলাকাগুলি পরিদর্শনে যান পটাশপুরের বিধায়ক তপন মাইতি ও পটাশপুর-১ নম্বর ব্লকের বিডিও মহম্মদ করিমুল ইসলাম। তাঁরা বাগুই নদী সংলগ্ন বিভিন্ন গ্রামে ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। এলাকাবাসীর কাছ থেকে বন্যা পরিস্থিতি, ফসলের ক্ষয়ক্ষতি, পানীয় জল, যাতায়াত এবং অন্যান্য সমস্যার বিষয়ে বিস্তারিত তথ্য শোনেন।
পরিদর্শনের সময় বিধায়ক সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা করেন। স্থানীয় এলাকার বিধায়ক তপন মাইতি জানান, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে এবং পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। প্রয়োজনে আরও ত্রাণসামগ্রী ও জরুরি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
এদিন বিধায়কের সফরে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন। তাঁরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন।
টানা বৃষ্টির জেরে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিধায়কের এই পরিদর্শন এলাকাবাসীর মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চার করেছে। স্থানীয়দের আশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতার সমস্যা দূর হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবে।