ওঙ্কার ডেস্কঃ মুর্শিদাবাদে ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্তে বিশেষ কমিটি গঠন করল রেল। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। আহতদের দেওয়া হবে আড়াই লক্ষ টাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, দুর্ঘটনায় গেটম্যান এবং সুপারভাইজারকে কর্তব্যের গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে।
শুক্রবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ এলাকায়। লেভেল ক্রসিং খোলা থাকায় দ্রুতগতিতে আসা একটি ট্রেন ধাক্কা দিয়েছে পুলকার ও সাইকেল আরোহীকে। মৃত্যু হয়েছে মোট ৩ জনের। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা।
স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের উদাসীনতায় এই ঘটনা ঘটেছে। সেই কারণেই কেবিনে তাঁকে আটকে তালাবন্ধ করে দিয়েছে উত্তেজিত জনতা। তাঁদের সাফ দাবি, কড়া শাস্তি না হলে তাঁকে ছাড়া হবে না। পরবর্তীকালে বহরমপুর থানার পুলিশ গিয়ে গ্রেপ্তার করে গেটম্যানকে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গেটম্যান ও সুপারভাইজারের গাফিলতিতেই এই দুর্ঘটনা। সেই কারণে তাঁদের সাসপেন্ড করা হয়েছে। বহরমপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি তদন্তের জন্য ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে রেল।
স্থানীয়দের অভিযোগ, দিনভর নেশাগ্রস্ত হয়ে থাকতেন গেটম্যান। সেই অবস্থাতেই কাজও করতেন। ফলে অধিকাংশ দিনই গেট বন্ধ করার পর তা খুলতে ভুলে যেতেন। প্রবল সমস্যায় পড়তে হত আমজনতাকে। একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।