ওঙ্কার ডেস্কঃ সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার ৪। আরও ৩ জনকে আটক করা হয়েছে। হামলাকারীরা প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগ অস্বীকার করেছেন লাভলি। তিনি বলেন, “ধৃতরা কেউ তৃণমূল করে না। দলকে ছবি পাঠিয়েছি।” পালটা প্রশ্ন তুলেছেন তিনি, তাঁর বক্তব্য, “একজন সাংসদের উপর হামলা হল পুলিশ কোথায় ছিল।
অভিষেকের উপর আক্রমণের কাণ্ডে আকাশ গায়েন, কাজল, দেবাশিস, জয় সেনগুপ্ত নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বেআইনি জমায়েত, পথ আটকানো-সহ একাধিক অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই আকাশরা সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক লাভলির ঘনিষ্ঠ বলে সূত্রের খবর।
তাহলে প্রশ্ন উঠছে তৃণমূলের লোকেরাই অভিষেককে হেনস্তা করেছেন? উত্তরে লাভলি বলেন, “আমি বাইরে রয়েছি। যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁরা কেউ তৃণমূল করে না। দলকে ছবি পাঠিয়েছি। এলাকায় সাংসদ যাচ্ছেন পুলিশ নেই কেন। হামলা চালানো হল পুলিশ পৌঁছল না কেন?”
এ দিকে অভিষেকের উপর হামলা ঘটনা তৃণমূলেরই পরিকল্পনা কিনা, সেই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।