ওঙ্কার ডেস্ক: শীত আরও জাঁকিয়ে পড়তে চলেছে বঙ্গে। রাজ্যের দুই জেলায় ইতিমধ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও শীত পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, পূর্ব বর্ধমানে মঙ্গলবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বীরভূমেও শুক্রবার পর্যন্ত চলবে শৈত্যপ্রবাহ। তবে উত্তরবঙ্গের কোথাও শৈত্যপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণের জেলাগুলিতে গত কয়েক দিন ধরেই পারদ নিম্নমুখী। উত্তুরে হাওয়া ক্রমশ দাপট দেখাচ্ছে। আরও জাঁকিয়ে বসেছে ঠান্ডা। ঠান্ডা হাওয়া বইছে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে।
কোন পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ বলা হয়? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কোনও এলাকায় শৈত্যপ্রবাহ অভিহিত করতে গেলে তার জন্য নির্দিষ্ট মাপকাঠি থাকে। সংশ্লিষ্ট অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম হওয়ার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রির কম হতে হবে। পর পর দু দিন এই মাপকাঠি পূরণ হলে তখন সংশ্লিষ্ট অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে বলে মনে করা হয়। আবহবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের আট জেলায় ‘শীতল দিন’ থাকতে পারে। কোনও এলাকায় ‘শীতল দিন’-এর পরিস্থিতি তৈরি হলে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম থাকতে হবে। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি কমছে কি না, তা দেখা হয়।
