ওঙ্কার ডেস্ক: কালীঘাট তৃনমুলে ফের ধাক্কা। এবার মমতার হাত ছেড়ে ঋতব্রতদের দলে যোগ দিলেন মমতার স্নেহভাজন অনুব্রত মন্ডল ওরফে কেষ্ট। দলীয় সূত্রের দাবি, তৃণমূলের বর্তমান নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ার জেরে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে চলেছেন বীরভূমের প্রভাবশালী এই নেতা। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে শনিবারই সেই ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর, শুক্রবার বিধানসভায় প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পরই ঋতব্রত শিবিরের এক নেতা বিধানসভা থেকেই ফোনে অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন। ওই ফোনালাপেই শিবির পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত আলোচনা হয় বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের। জানা গিয়েছে, ঋতব্রতপন্থী তৃণমূলে যোগ দিলে অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলার সভাপতির দায়িত্ব দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। সেই প্রস্তাবে তিনি সম্মতিও জানিয়েছেন বলে দলীয় সূত্রের দাবি। শনিবার ঋতব্রত শিবিরের কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরেই তৃণমূলের অন্যতম প্রভাবশালী জেলা নেতা হিসেবে পরিচিত। বীরভূমে তাঁর সাংগঠনিক দাপট এবং রাজনৈতিক প্রভাব নিয়ে বহুবার আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং নেতৃত্বের পরিবর্তিত সমীকরণের মধ্যেই তাঁর এই সম্ভাব্য সিদ্ধান্ত রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে অনুব্রত মণ্ডল কিংবা তৃণমূলের কোনও শীর্ষ নেতা এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে আনুষ্ঠানিক ঘোষণার আগে পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক জল্পনা অব্যাহত রয়েছে।