ওঙ্কার ডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচন। ভোটের দিনক্ষণ কবে ঘোষণা হবে, তা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তবে কমিশন সূত্রে খবর, দোলের পরই বাংলার ভোট নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। তেমনটাই ইঙ্গিত মিলেছে। আগামী ১ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্য মুখ্য নির্বাচনী অধিকারিকের সঙ্গে বৈঠক করবেন তারা। তারপরই বঙ্গের নির্বাচন নিয়ে যাবতীয় সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
এসআইআর ইস্যুতে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। আগে কথা ছিল, এসআইআর প্রক্রিয়া শেষ হলেই ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবে। কিন্তু নানান টালমাটাল পরিস্থিতির কারণে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন থাকলেও তা পিছিয়ে গিয়েছে। এসআইআর শুনানি এখনো শেষ হয়নি। চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছোলে ভোটের নির্ঘণ্ট কবে প্রকাশ হবে তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে জানা গিয়েছে, নেড়া পোড়ার আগে কোনও কিছুই ঘোষণা করা হবে না।
বিরোধী শিবির ও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচন কমিশন বিজেপির ইশারায় কাজ করে। আর ভারতীয় জনতা পার্টি উত্তর ভারতীয় কালচার মেনেই চলে। তাই গেরুয়া শিবির মনে করে, হোলিকা দহনের আগে কোনও শুভ কাজ করা ঠিক নয়। সেই বিশ্বাসে আস্থা রেখেই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট দোলের পরই প্রকাশ করা হতে পারে।
২৬ এর বিধানসভা ভোটে কত দফায় ভোট হবে, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। সূত্রের খবর, রাজ্যের মুখ নির্বাচনী আধিকারিক দফতর থেকে কমিশনকে জানানো হয়েছে যে, বাংলায় এক দফায় ভোট করতে প্রস্তুত তারা। এক দফায় ভোট করানোর মত লোকবলও আছে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন বাংলায় তিন দফায় ভোট করাতে ইচ্ছুক বলে সূত্রের খবর। কবে ভোট হবে, কত দফায় ভোট হবে তা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলার আসার পরই জানা যাবে।
