বিক্রমাদিত্য বিশ্বাস, ইসলামপুর: ইসলামপুর মহকুমা আদালতে ফের ভুয়ো আইনজীবী সন্দেহে আটক এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে আদালত চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বার অ্যাসোসিয়েশনের সদস্যরাই ওই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
জানা গিয়েছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের সদস্যরা আদালত চত্বরে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। উকিলের পোশাক পরে থাকলেও তার আচরণে সন্দেহ হয় আইনজীবীদের। এরপর অভিযুক্তকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজেকে আইনজীবী বলে দাবি করলেও তার স্বপক্ষে কোনও বৈধ আই-কার্ড, বার কাউন্সিলের সার্টিফিকেট বা প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। এমনকি তার কথাবার্তায় একাধিক অসঙ্গতিও ধরা পড়ে।
এরপরই বিষয়টি ইসলামপুর থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃত ব্যক্তি সত্যিই ভুয়ো আইনজীবী কি না, বা এর আগেও তিনি আদালতে এভাবে প্রতারণা করেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।