কলকাতা: লক্ষ্য আগামী নির্বাচন গুলোতে বাংলার যুব সমাজকে পাশে পাওয়া। তাই তার আগে তাঁদের মনের কথা শুনতে এবার নয়া পন্থা অবলম্বন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস প্রধান মোহন ভাগবতের দেখানো পথেই এবার জেন জি প্রজন্মের সঙ্গে সরাসরি সংলাপে বসতে চলেছেন তিনি। চা চক্রে আড্ডার মাধ্যমেই শুনবেন তরুণ প্রজন্মের মনের কথা, দেবেন তাদের সমস্ত প্রশ্নের উত্তর।
গতকাল অর্থাৎ সোমবার, কৈখালিতে ‘যুব ভারত সংলাপ’ অনুষ্ঠানে এই বিশেষ ‘যুব মিট’-এর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নিজেই। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তাঁর উপস্থিতিতেই যুবদের উদ্দেশে শুভেন্দু বলেন, “আপনাদের সবার সঙ্গে একটি চায়ের মিটিং করব। তিন ঘণ্টা ধরে যত প্রশ্ন আছে করবেন। এই সরকার আপনাদের জন্যই কাজ করছে। এডুকেশন, এমপ্লয়মেন্ট, স্পোর্টস, স্কিল ট্রেনিং থেকে শুরু করে যুবদের জন্য মোদীজির যা গ্যারান্টি আছে, তা একশো শতাংশ নয়, দুশো শতাংশ আমরা পূরণ করব।”
এদিনের অনুষ্ঠানে জেন জি-দের উদ্দেশে তাৎপর্যপূর্ণ বার্তা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। রিলের দুনিয়ায় না ভেসে রিয়েল জীবনে ফেরার আহ্বান জানান তিনি। তাঁর কথায়, ভারতের হারানো সংস্কৃতি ফেরাতে যুব সমাজের উপরই ভরসা করতে হবে। যুব প্রজন্ম আজ মোবাইলে বুঁদ হয়ে রয়েছে, এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নবীন। মোবাইলের স্ক্রিনে সীমাবদ্ধ না থেকে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য, খেলাধুলা এবং সঙ্গীতে আরও বেশি করে অংশগ্রহণের পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, দেশের যুব সমাজ রিল এবং রিয়েলের মধ্যে ফারাক বোঝে, তারা জানে কোনটা ঠিক। নীতিনের এই বার্তার রেশ ধরেই মুখ্যমন্ত্রী জানান, তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের কাছ থেকে যুবদের তালিকা নিয়ে শীঘ্রই এই চা চক্রের আয়োজন করবেন। রাজনৈতিক মহলের মতে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনের আবহে যুব সমাজকে কাছে টানতে বিজেপির এই কৌশল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।