ওঙ্কার ডেস্কঃ বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ভোরেই পুলিশ এসে ছেলের মৃত্যুর খবর দিয়েছে। বারুইপুরে নাবালিকা গণধর্ষণ এবং খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মা, সন্ধ্যা মণ্ডলের বক্তব্য, ছেলে যা করেছে, তাঁর ফল পেয়েছে। শুধু তা-ই নয়, জানিয়ে দিয়েছেন, ছেলের দেহ দেখবেন না, তাঁর দেহ নিতেও যাবেন না।
সূত্রের খবর, প্রভাসের মৃত্যুর পর সেই খবর বুধবার ভোরে তাঁর বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। ছেলের মৃত্যুর খবর কোন মা সহ্য করতে পারেন, তবে সন্ধ্যা মন্ডল জানান, যা করেছে, তা ফল পেয়েছে। ভালই হয়েছে।’’ তার পরই তাঁকে প্রশ্ন করা হয়, ছেলের দেহ আনতে যাবেন? সন্ধ্যা সাফ জানিয়ে দেন, ছেলের মুখ দেখবেন না। তাঁর দেহ আনতেও যাবেন না। নাবালিকার ঘটনায় পুত্রের নাম জড়ানোর পর থেকেই চরম অস্বস্তিতে ছিল পরিবার। সন্ধ্যা বলেন, ‘‘মায়ের কথা শুনত না। নেশা করত।’’
বারুইপুরের ঘটনায় প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং কবীর মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে প্রভাসকে গ্রেফতার করা হয়। প্রভাসই দেখিয়ে দেন, নাবালিকার দেহ কোথায় ফেলে দেওয়া হয়েছে। প্রভাস, আনন্দ এবং দিবাকরকে প্রথমে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার হন কবীর। মঙ্গলবার রাতে প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে বেরিয়েছিল পুলিশ। দাবি, সেই সময় পুলিশের অস্ত্র ছিনতাই করে পালানোর চেষ্টা করেন প্রভাস। গুলিও চালান। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই মৃত্যু হয় প্রভাসের।