ওঙ্কার ডেস্ক: ক্ষমতা দখল করেই বাংলায় অ্যাকশন মোডে নেমেছে শুভেন্দু সরকার। দুর্নীতিতে নো টলারেন্স নীতি নিয়েছেন। তবে এই নতুন সরকার আসতেই বাংলায় এক নতুন সংস্কৃতির আবির্ভাব হয়েছে। ডিম সংস্কৃতি। এই ডিম সংস্কৃতি নিয়েই কড়া মনোভাব নিয়েছে সরকার। দল যে এ ধরনের ঘটনা অনুমোদন করছে না তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যরা। তার বদলে সরকার যে বাজেট পেশ করেছে, মানুষের কাছে সেই ইতিবাচক বাজেটের প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাজেটে বলা হয়েছে, বর্তমান ১৮ শতাংশ মহার্ঘভাতার উপর অতিরিক্ত ২০% ডিএ দেওয়া হবে। মোট ভাতার হার ৩৮%। অক্টোবর থেকে কার্যকর হবে। ১ লক্ষ চাকরি থেকে শুরু করে নারী শক্তিতে অন্নপূর্ণা ভান্ডার, আশা কর্মীদের সাম্মানিক বৃদ্ধি, আইআইটি, আইআইএম সহ বাংলার একাধিক উন্নয়ন মূলক কাজ যে বাজেটে বলা হয়েছে, তা মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে কোথাও কোনও তোলাবাজির অভিযোগ যেন না আসে সে বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে। মঙ্গল ও বুধবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দু’দিন ধরে দলের বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠক করে বিজেপি। দু’দিনই সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ছাড়াও সুকান্ত মজুমদার, সুনীল বনসল, অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী প্রমুখ শীর্ষ নেতৃত্ব। এই বিশেষ বৈঠকে বিধায়কদের উদ্দেশে একাধিক বার্তাও দেন শীর্ষ নেতৃত্ব।