ওঙ্কার ডেস্ক: ভোটের বাংলা ক্রমশ তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক প্রচার ও নির্বাচন কেন্দ্রিক কর্মসূচিতে। আগামী ২৩ এপ্রিল রাজ্যে হবে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তৃণমূল সুপ্রিমো আগে একাধিক বার নির্বাচন কমিশন ও বিজেপিকে একসারিতে রেখে আক্রমণ শানিয়েছেন। এবার বিজেপি নেতার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সম্পর্ক ফাঁস করল জোড়াফুল শিবির। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতার সঙ্গে মনোজের ছবি প্রকাশ্যে আনে বিদায়ী শাসকদল।
তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন। সেখানে দাবি করা হয়, নন্দীগ্রামে বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ররাজ্যের বিভিন্ন জেলায় সফর করেছিলেন মনোজ। সেই জেলা সফরের প্রথম দিকে তিনি নন্দীগ্রামে গিয়েছিলেন। ছবি প্রকাশ করে তৃণমূলের দাবি, স্থানীয় এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন মনোজ। তাই তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জোড়াফুল শিবির।
তৃণমূল দাবি করে, যে বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক ঘুরেছেন তাঁর নাম তপনকুমার মহাপাত্র। তিনি নন্দীগ্রামের কালীচরণপুর অঞ্চলের বিজেপির আহ্বায়ক। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এই তপন। কুণাল ঘোষ সিইও-কে নিশানা করে বলেন, ‘এক জন সিইও তিনি বিজেপির ক্যাডারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচন কমিশন নজিরবিহীন দলদাসত্ব চালিয়ে যাচ্ছে।’