ওঙ্কার ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় দফতর থেকে খরচ হয়েছে ৫২৯ কোটি ৩৮ লক্ষ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া দলের ব্যয়ের হিসাবেই এই তথ্য উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গের ভোটে এই অর্থ ব্যয় করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে বাংলায়।
পশ্চিমবঙ্গে বিজেপির মোট নির্বাচনী খরচ প্রায় ২৮৬ কোটি টাকা। এর মধ্যে ২১৭ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয় হয়েছে দলীয় প্রচার এবং অন্যান্য সাধারণ নির্বাচনী খাতে। প্রার্থীদের জন্য খরচ করা হয়েছে আরও ৬৯ কোটি ৮৩ লক্ষ টাকা। এর মধ্যে সরাসরি প্রার্থীদের হাতে দেওয়া হয়েছে ৫৮ কোটি ৮০ লক্ষ টাকা। বহু বছরের রাজনৈতিক চেষ্টার পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় প্রথমবার সরকার গড়েছে বিজেপি। পাঁচ রাজ্যের মধ্যে বাংলাতেই দলের নির্বাচনী ব্যয়ের অঙ্ক সর্বাধিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলার পর নির্বাচনী খরচের নিরিখে রয়েছে অসম। সেখানে বিজেপির কেন্দ্রীয় দফতর থেকে ব্যয় হয়েছে ৯৬ কোটি ২৬ লক্ষ টাকা। কেরলে দলের খরচ ৮২ কোটি ৬৭ লক্ষ টাকা। তামিলনাড়ুতে এই অঙ্ক ৫১ কোটি ৫৬ লক্ষ টাকা। তামিলনাড়ুতে এত অর্থ খরচ হলেও বিজেপি সরকার গঠন করতে পারেনি। পুদুচেরিতে দলের নির্বাচনী ব্যয় ছিল ১১ কোটি ৮৯ লক্ষ টাকা।নির্বাচনী পর্বে বিজেপির মোট অর্থের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৪৯৪ কোটি টাকা। ভোটপর্ব শেষ হওয়ার পর দলের হাতে অর্থ রয়েছে ৭ হাজার ৬৮৯ কোটি ৬ লক্ষ টাকা।