ওঙ্কার ডেস্ক: যাত্রীবাহী বাসের এসি বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ডের ফলে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ৯ জনের। বুধবার গভীর রাতে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটেছে। স্লিপার বাসে ওই অগ্নিকাণ্ডের ফলে নিহতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। আচমকাই এটিতে আগুন ধরে যায়।
পুলিশের এক আধিকারিক জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাসের এয়ার কন্ডিশনিং সিস্টেমে বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়। এর পর ইঞ্জিনের তেলে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। রিপোর্ট অনুসারে, বাসটি যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে নয়ডা থেকে উত্তর প্রদেশের মাহোবা যাচ্ছিল, তখনই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন।
বিষয়টি নজরে আসার পর বেশ কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে লাফ দেন। এক্সপ্রেসওয়ের পাশে বাসটি আগুনের গ্রাসে পুরোপুরি চলে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল এবং জেওয়ার থানার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ইতিমধ্যে এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত নয় জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ও এই আহতদের জন্য ৫০,০০০ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন।