ওঙ্কার ডেস্কঃ পালাবদলের পর মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে সফরের ঘোষণা করেছিলেন। কিন্তু এই নিয়মে আপত্তি ছিল মহিলাদেরই একাংশের। অনেকে টিকিট কেটেই পরিষেবা নিতে চান। এবার সরকারি বাসে ভাড়া দিতে চাওয়া মহিলাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কসবার পরিবহণ ভবনে নতুন ৫০টি বাস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই ভাষণে তাঁর আশ্বাস দেন, কেউ ভাড়া দিতে চাইলে তার জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে।
বাংলায় পালাবদল হতেই পরিবহণ ক্ষেত্রে অনেক কাজ এগিয়েছে। মেট্রো সম্প্রসারণ থেকে রাস্তায় পরিবেশবান্ধব যান নামানো। তবে সরকারি বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে সফরের সিদ্ধান্ত সবচেয়ে বড় নিঃসন্দেহে। তাঁদের জন্য পিংক স্মার্ট কার্ডও চালু হয়েছে। তা দেখালেই আর ভাড়া দিতে হবে না।
অনেক মহিলার অভিযোগ, বাসে তাঁদের টিকিট কাটা সরকার তুলে দিয়েছে বলে বাসগুলি নির্দিষ্ট স্টপেজে মহিলা যাত্রীদের দেখলে আর দাঁড়ায় না। অনেকে আবার ভাড়া দিতে চান। এনিয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সরকারি বাসে আমাদের মা-বোনদের জন্য ফ্রি করে দিয়েছি। আর তাঁদের টিকিট কাটতে লাগে না। কিন্তু শুনছি, অনেক মহিলা যাত্রী চাইছেন টিকিট কেটেই যেতে। কেউ কেউ বলছেন, ৭০-৮০ হাজার টাকা রোজগার করেন, তাই ফ্রি-তে বাসে যেতে চান না। তাঁদের কথা ভাবতে হবে। একটা বিকল্প ব্যবস্থা করতে হবে।”
সড়ক পরিবহণ মসৃণ করার পাশাপাশি পরিবেশও বজায় রাখতে সরকার সদর্থক পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার পরিবহণ দপ্তর থেকে আর ৫০টি পরিবেশবান্ধব বাসের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। ছিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং, মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ অনেক সরকারি আধিকারিকরা। এই পঞ্চাশটির মধ্যে ৪৩ টি সিএনজি চালিত, বাকি ৭টি ব্যাটারি চালিত।