ওঙ্কার ডেস্কঃ বারুইপুর কাণ্ডের নৃশংসতা মাত্রা ছাড়িয়েছে। বারুইপুর কাণ্ডে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। এবার এই বিষয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি জানালেন, “কাকে কীভাবে সোজা করতে হয় জানা আছে। বিজেপি ওসব জানে।”
দিলীপ ঘোষের দাবি, বারুইপুরের ঘটনার পর এই আন্দোলন আদতে নাটক। কারণ ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই গঠন করা হয়েছে সিট। রবিবারই মৃতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের পদক্ষেপ এত ইতিবাচক পদক্ষেপ সত্ত্বেও বিরোধিতায় মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বামেরাও ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন।
দিলীপ ঘোষ বলেন, “কাকে কী করে সোজা করতে হয় বিজেপি জানে। মানুষ শান্তিতে থাকতে পরিবর্তন এনেছে। বাংলার মানুষ এবার শান্তিতেই থাকবে।”নারী নির্যাতন ইস্যুতে এদিন পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন দিলীপ। বলেন, “তৃণমূলের জমানায় রোজ প্রায় ধর্ষণ হয়েছে। সরকার কী পদক্ষেপ করেছিল? বারুইপুর কাণ্ডের পরই সরকার পদক্ষেপ করেছে। কিন্তু আন্দোলনের নামে কিছু লোক ড্রামা করছে। বিজেপি সরকার জানে মানুষের জন্য কীভাবে কাজ করতে হয়।” তাঁর বক্তব্যেই স্পষ্ট, বিরোধীদের ভূমিকাকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না তিনি।