ওঙ্কার ডেস্কঃ সবংয়ের প্রাক্তন বিধায়ক ও দীর্ঘদিনের রাজনীতিবিদ মানস ভুঁইয়া তৃণমূল ছেড়েছেন। এই আবহেই রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত সম্পর্কের জায়গায় সৌজন্যের বার্তা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ ও মানস ভুঁইয়া। সোমবার খড়গপুর শহরের উপকণ্ঠে চৌরঙ্গী এলাকায় একটি কর্মসূচিতে যোগ দিয়ে দিলীপ ঘোষ জানান, মানস ভুঁইয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভালো। তিনি রাজনীতিতে সিনিয়র হওয়ায় তাঁকে দাদার মতোই সম্মান করেন।অন্যদিকে দিলীপ ঘোষের স্পষ্টবাদী স্বভাবের প্রশংসা করেছেন মানস ভুঁইয়াও।
ছাব্বিশের ভোটে ভরাডুবির পর গত শনিবারই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ইস্তফাপত্র পাঠিয়েছিলেন দীর্ঘদিনের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া। দল ত্যাগের পর এবার কী বিজেপির দরজায় কড়া নাড়ছেন তিনি?
এই প্রশ্নের জবাবে মন্ত্রী দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, দলের রাজ্য সভাপতি ইতিমধ্যেই দরজায় তালা লাগিয়ে দিয়েছেন।তিনি বলেন, ‘‘আর আমাদের কাউকে পাওয়ার দরকার নেই। জনাদেশ আমাদের সঙ্গে রয়েছে। ২০৮টি সিট দিয়েছেন জনগণ। আর কাকে দরকার আছে? তবে ওঁরা ঠিক করুন কার কী লাগবে। কোথা থেকে নতুন পার্টি তৈরি করে নিজেরা সেখানে ঢুকে পড়েছেন। সব পার্টির দরজা বন্ধ হয়ে গিয়েছে তৃণমূলের জন্য।”
অন্যদিকে, সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা মানস ভুঁইয়া মন্ত্রী দিলীপ ঘোষের প্রশংসা করেছেন। দিলীপ সহজ-সরল মানুষ এবং সরাসরি কথা বলেন, যা তাঁর ভালো লাগে বলে জানিয়েছেন মানস।