ওঙ্কার ডেস্কঃ রাজ্যের আরও এক পুরবোর্ড ভেঙে দেওয়া হল। আসানসোলের পুরবোর্ড ভেঙে পুরপ্রশাসক বসাল রাজ্য সরকার। আসানসোল পুরসভায় অদিতি চৌধুরীকে পুরপ্রশাসকের দায়িত্ব দেওয়া হল। অভিযোগ উঠেছিল, পুরবোর্ডের কোনও বৈঠকই হচ্ছে না। এ ছাড়াও, সম্পত্তি কর মকুবের অভিযোগও রয়েছে।
নানা অভিযোগে জেরবার আসানসোল পুরসভা শো-কজ নোটিস পায় রাজ্যের পুর দফতরের সচিবের। কিন্তু সেই নোটিসের সদুত্তর না-মেলায় পুরবোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। পুরসভায় অদিতি চৌধুরীকে পুরপ্রশাসকের দায়িত্ব দেওয়া হল।
সূত্রের খবর, আসানসোল পুরসভায় ১০৬টি ওয়ার্ড রয়েছে। ইতিমধ্যেই ওই পুরসভার ছ’জন কাউন্সিলর এবং দু’জন বরো চেয়ারম্যান ইস্তফা দিয়েছেন। অভিযোগ, কাউন্সিলরদের প্রাপ্য সাম্মানিক এবং বরাদ্দ পেট্রল বন্ধ করে দেওয়া হয়েছে। টানাপড়েনের মধ্যে শো-কজ নোটিস পান মেয়র বিধান উপাধ্যায়। তার জবাবে সরকারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
অন্য দিকে, নোটিস পেয়ে আসানসোল সেরে কলকাতায় চলে আসেন বিধান। তবে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে যাননি তিনি। যোগাযোগ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর সঙ্গে।