ওঙ্কার ডেস্ক: মন্দিরে পুজো দিতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৮ পুণ্যার্থীর। তারাপীঠে মন্দির চত্বরে হোটেলে আগুন লেগে মৃত্যু হল আট জনের। শ্রাবণ মাস উপলক্ষে তাঁরা পুজো দিতে তারাপীঠে গিয়েছিলেন। সোমবার ভোরের দিকে হোটেলের একতলায় আচমকা আগুন লেগে তা ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরে যায়। এর ফলে দগ্ধ হয়ে মৃত্যু হয় আট জনের। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েক জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে হোটেলটিতে আগুন লেগেছে সেটি তারাপীঠ থানার কাছেই। পাঁচতলা ওই আবাসনের নীচুতলায় সোমবার ভোরে আচমকা আগুন লাগে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দ্রুত তা বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়লে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। হোটেলের বেশিরভাগ আবাসিক সেই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘরের মধ্যেই আটকে পড়েন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যায় দমকলও। যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মৃত পুণ্যার্থীদের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
হোটেলের মালিক কল্যাণ পাল বলেন, ‘’আমাদের এখানে নাইট ডিউটিতে যাঁরা ছিলেন, তাঁরা অগ্নিনির্বাপণ যন্ত্র সচল করে দেন। বিদ্যুতের তার খুলে দেন। কিন্তু তত ক্ষণে আগুন ধরে যায়। দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’