ওঙ্কার ডেস্ক: আগুনে পুড়ে ছাই হয়ে গেল তৃণমূল নেত্রীর বাড়ি। শুক্রবার মাঝরাতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছেন তিন জন। তাঁদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে পুড়ে গিয়েছে একটি বহুতল বাড়ি এবং কাপড়ের দোকান। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যে বাড়িতে আগুন লেগেছে সেটির মালিকের নাম উদয় ঘোষ। সামডি রোডের উপর আছড়া গ্রামের বাসিন্দা তিনি। তাঁর তিন তলা বাড়ির নীচু তলায় ছিল কাপড়ের দোকান। সেই দোকানে মাঝরাতে কোনও কারণে আগুন লেগে যায়। প্রচুর মাল মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যখন আগুন লাগে তখন বাড়ির সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। আচমকা আগুনের লেলিহান শিখা গ্রাস করতে থাকায় প্রচন্ড তাপমাত্রা অনুভূত হওয়ায় তড়িঘড়ি ঘুম ভেঙে যায় উদয়ের। দরজা খুলে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি। কিন্তু আগুনের জেরে তাঁর এবং স্ত্রীর পা হাঁটু পর্যন্ত পুড়ে যায়। দগ্ধ হয় পরিবারের ১২ বছরের এক নাবালকও। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের এবং পুলিশের সহযোগিতায় তিন জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আসানসোলের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তিন জনকে।
স্থানীয়রা জানান, উদয়ের স্ত্রী পম্পা তৃণমূলের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত। তিনি সালানপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যা। বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক পালাবদলের পর তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। কী কারণে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। শর্ট সার্কিট থেকে নাকি অন্য কোনও কারণে আগুন তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয়টির তদন্ত শুরু হয়েছে।