ওঙ্কার ডেস্কঃ বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ পদ পাবলিক অ্যা কাউন্ট কমিটির চেয়ারম্যান। নতুন সরকার বদলের পর এই পদে কে বসবেন, তা নিয়ে জল্পনা চলছে। কারণ, এই পদটি বিরোধী শিবিরকে দেওয়াই রীতি। গত কয়েকবছরে দেখা গিয়েছে, এই পদে বিরোধী শিবিরের ‘পছন্দের’ লোককেই বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, সেই কৌশলেই এবার ফিরহাদ হাকিমকে পিএসির চেয়ারম্যান পদে বসানোর পরিকল্পনা চলছে।
দীর্ঘদিন ধরেই আচার আচরণে ফিরহাদ বুঝিয়ে দিয়েছেন তিনি আর ‘দিদি’র সঙ্গে নেই। বৃহস্পতিবার সেই জল্পনা বেড়েছে। কারণ, রাজ্যপালের ভাষণের সময় দেখা গেছে ফিরহাদের আসন নির্দিষ্ট হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খানদের সঙ্গে একই বেঞ্চে। এরপরই শোনা যাচ্ছে, ফিরহাদকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হতে পারে। এটা হয়তো মমতার সঙ্গ ছাড়ার পুরস্কার, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমন দু’জনকে পিএসির চেয়ারম্যান করেছিল যারা মমতা ঘনিষ্ঠ। প্রয়াত মুকুল রায় ও আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সুমন কাঞ্জিলাল। দু’জনের ক্ষেত্রেই দলবদলের রেকর্ড রয়েছে। তৎকালীন বিরোধী দল বিজেপির তরফে বারবার এই দু’জনের বিরুদ্ধে অভিযোগ করা হলেও তৃণমূলের তরফে অস্বীকার করা হয়। সেই পথে হেঁটেই ফিরহাদকে পিএসির চেয়ারম্যান করার ভাবনা চলছে বলেই খবর।