ওঙ্কার ডেস্কঃ রাত পোহালেই জামাই ষষ্ঠী। উৎসবের সঙ্গে পাল্লা দিয়ে বাজারদর আকাশছোঁয়া। মাছ, মাংস থেকে শুরু করে সবজি বাজার, হাতে ছ্যাকা খাচ্ছে মধ্যবিত্ত বাঙালি। জামাইষষ্ঠীর আগে তাই কপালে চিন্তার ভাঁজ শ্বশুরদের।
সূত্রের খবর, বাজারে টাটকা ইলিশের দাম ১২০০-১৫০০ টাকা কেজি। তবে এখন যে ইলিশ বেশিরভাগই কোল্ড স্টোরেজের। সুন্দরবন, মুড়িগঙ্গা, হাতানিয়া-দোয়ানিয়া ও সপ্তমুখীর মতো কিছু জায়গার ছোট নদীগুলিতে এবার ইলিশ মাছ ধরা পড়েছে। তবে সেগুলো ছোট সাইজের।
এক মৎস্য ব্যবসায়ী জানিয়েছেন, “জামাইষষ্ঠী বাজার ইলিশ ছাড়া অসম্পূর্ণ তাই চাহিদা ভালোই দেখা যাচ্ছে। প্রতিটি ইলিশের ওজন ৩৫০ থেকে ৪০০ গ্রাম যা বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।” অন্যদিকে, খাসির মাংসের দোকানেও লম্বা লাইন। এক বিক্রেতা জানান, আগে থেকেই স্টক আছে। প্রতিবারই জামাই ষষ্ঠীর আগের দিন থেকেই মাংসের চাহিদা বেশি থাকে।
ফলের দামও আকাশছোঁয়া। আম লিচু থেকে কাঠাল মরসুমি ফলের দাম অনেক বেশি বলে মনে করছেন ক্রেতারা। তা সত্ত্বেও সাধ্য মত কিনছেন।
কিন্তু যত দিন যাচ্ছে, জামাইষষ্ঠীর চল বদলে যাচ্ছে। এখন বাড়িতে এলাহি আয়োজনের বদলে অনেকেই রেস্তরাঁয় নিয়ে গিয়ে জামাইষষ্ঠী থালি দিয়েই আপ্যায়ন করছেন জামাইকে। সেই মতো মেনু সাজিয়েছে বিভিন্ন রেস্তরাও। জামাইষষ্ঠী স্পেশাল মেনু। তাতেও ঐতিহ্য ও আভিজাত্যের মেল বন্ধন। অন্যদিকে মিষ্টির দোকানেও সেই চিরাচরিত ভীড়।