ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকে ময়দানে ঝাঁপিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহে মেরুকরণের রাজনীতি আবার চাগাড় দিয়ে উঠেছে বঙ্গে। একদিকে সংখ্যাগুরু হিন্দুদের ভোট নিজেদের ঝুলিতে রাখার জন্য মরিয়া বিজেপি। আবার মুসলিম ভাবাবেগকে পুঁজি করে রাজনীতিতে নামা জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীরও সক্রিয় হয়ে উঠেছেন মেরুকরণের রাজনীতি করার জন্য।
সম্প্রতি তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর মন্তব্য করেছেন তিনিই ‘মুসলিমদের নেতৃত্ব দেবেন’। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। অনেকে বলছেন, ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ সেজেছেন হুমায়ুন! ঠিক কী বলেছেন প্রাক্তন তৃণমূল নেতা? হুমায়ুনের কথায়, ‘আমি একটা পার্টি তৈরি করেছি নতুন একটা সরকার গঠনের জন্য। আমিই মুসলিমদের নেতৃত্ব দেব। আগামী দিনে রাজ্যে উপ মুখ্যমন্ত্রী হবেন একজন মুসলিম।’
উল্লেখ্য জোড়াফুল দল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে মুসলিমদের বঞ্চনার একের পর অভিযোগ তুলে চলেছেন হুমায়ুন। তিনি বলেন, ‘রাজ্য বিধানসভা নির্বাচনে মুসলিম প্রার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। ২০১১ সালে তুলনায় ২০১৬-এ কম, ২০২১-এ আরও কম এবং ২০২৬-এ সবচেয়ে কম।’ মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় তাঁর জনতা উন্নয়ন পার্টি বড় জয় পাবে বলে দাবি হুমায়ুনের।
