ওঙ্কার ডেস্কঃ শওকত মোল্লার ছেলের ক্যাফে ‘অরণ্যের কূলে’। নদীচর দখল করে তৈরি এই ক্যাফেই এবার ভাঙা পড়তে চলেছে। সূত্রের খবর, এই ক্যাফের মালিক ইমরান মোল্লাকে নোটিস পাঠানো হয়েছে। আগামী ২৯ জুনের মধ্যে কোনও কাজ না হলে প্রশাসন থেকেই বুলডোজার চালানো হবে।
অভিযোগ উঠেছিল, মাতলা নদীর চর দখল করে ‘অরণ্যের কূলে’ ক্যাফে গড়ে তুলেছিলেন শওকত মোল্লার ছেলে। পালাবদলের পর এই নিয়ে হইচই শুরু হতেই ক্যানিং মহকুমা শাসকের অফিস থেকে ইমরানকে নির্দেশ দেওয়া হয়েছিল, ক্যাফে সংক্রান্ত সব আইনি কাগজপত্র নিয়ে যেতে। সেসব পরীক্ষা করে দেখা যায় যে মাতলার চরে সেচ দফতরের জমি দখল ক্তাফে চলছিল, তার কোনও বৈধতাই নেই। এবার সেই বেআইনিভাবে নির্মিত ক্যাফেটেরিয়াটি ভেঙে দেওয়ার নির্দেশ দিল জেলা প্রশাসন।
প্রসঙ্গত, শওকত মোল্লার গ্রেফতারির পর নজরে এসেছিল তাঁর ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন ক্যাফেটি। জানা গিয়েছে, বাবা বিধায়ক থাকাকালীন মৌখালি সেতু সংলগ্ন এলাকায় চরের উপর কোনও নিয়মের তোয়াক্কা না করে বানিয়েছিলেন এই ক্যাফে।