নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগনা: এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের বাকি আর মাত্র এক সপ্তাহ। এর মধ্যে বাংলাদেশিদের টাকার বিনিময়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ কাকদ্বীপে। স্থানীয়দের দাবি, বহু বাংলাদেশি অবৈধ ভাবে ভোটার তালিকায় নাম তুলেছে। তাই ভোটাধিকার বাতিলের আশঙ্কায় রয়েছেন অনেকে।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সিংহভাগ মানুষ মৎস্যজীবী। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে পরিবারের এক জনের ভোটার কার্ড রয়েছে। কোথাও ছেলের নাম থাকলেও বাবা মায়ের ভোটার কার্ড নেই, কারোর কারোর বাবার আছে ছেলের বা অন্যান্যদের নেই, আর একই পরিবারের সবার ভোটার কার্ড আছে এমন পরিবার খুবই কম। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর বহু নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বর্তমান কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম পাখিরা স্পষ্ট ভাবে সাংবাদিকদের জানিয়েছেন অবৈধ ভোটার বাদ গেলে তাঁর কিছু বলার নাই।
হরিহর দাস নামের এক এলাকাবাসী বলেন, “মন্টু পাখিরা যা বলেছেন ঠিকই বলেছেন, ওনার দলের নেতারাই তো ওদের ভোটার কার্ড তৈরি করে দিয়েছে। ওনার অজানা কিছুই নেই, উনি জানেন এদের কথা তাই উনি বলেছেন”। কলেজ ছাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকের দাবি কাকদ্বীপে বাংলাদেশিদের আধিপত্য। তারা এলাকার মানুষ হয়েও, সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশীদের দাপটের মধ্যে দিন কাটাতে বাধ্য হন। এখন দেখার এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রকৃত সত্য সামনে আসে কিনা।
