ওঙ্কার ডেস্ক: শুধু টাকা নয়, নিয়োগ দুর্নীতিতে মদন মিত্র ঘুষ হিসেবে নিতেন সোনাও! দালালদের মাধ্যমে সেই ঘুষ বিধায়কের কাছে পৌঁছে যেত বলে গোয়েন্দা সূত্রের খবর। পুর নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের ডায়েরিতে উল্লেখিত ‘MM’-এর সূত্র ধরেই শনিবার মদনের বাড়িতে যায় ইডি।
পালাবদলের বাংলায় পুর নিয়োগে দুর্নীতি নিয়ে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবারই কামারহাটির বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় অভিযান চালিয়েছেন ইডির গোয়েন্দারা। ভবানীপুরের বাড়িতে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ইডির আধিকারিকরা মনে করছেন পুরসভাগুলিতে অন্তত ১২৫ জনের বেআইনি নিয়োগের সঙ্গে মদন মিত্রের সরাসরি যোগসূত্র রয়েছে। নিচু তলার পুরকর্মী নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অয়নশীলের সংস্থার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এদিনের তল্লাশি অভিযান নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘তাঁরা মানুষের কাছ থেকে প্রচুর অর্থ লুঠ করেছেন, কিন্তু তার জন্য কোনো শাস্তি হয়নি। তাই তদন্ত হবেই। যদি প্রমাণ পাওয়া যায়, তবে তাঁদের অবশ্যই শাস্তি পেতে হবে’
উল্লেখ্য, ২০২৩ সালের ২০ মার্চ অয়ন শীলকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার করে ইডি। তাঁর সংস্থার বিরুদ্ধে রাজ্যের ৭টি পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই তালিকায় রয়েছে কামারহাটি পুরসভাও। আর সে কারণে তাঁর ডায়েরিতে ‘MM’ লেখা পাওয়া যাওয়ায় তদন্তকারীরা মদনের বাড়িতে হানা দেন এবং কামারহাটির বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেন।