ওঙ্কার ডেস্ক: ছয় মাসের সন্তানকে নিয়ে ছয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা প্রযুক্তি কর্মী। হায়দরাবাদের মিয়াপুর এলাকায় একটি বহুতল থেকে তিনি ঝাঁপ দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এর ফলে ৩৭ বছর বয়সী ওই মহিলার মৃত্যু হয়েছে। তবে বরাত জোরে দেহে প্রাণ আছে শিশুর।
রিপোর্ট অনুসারে, মৃত মহিলার নাম ইশা সাহু। তিনি দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। শুক্রবার তিনি ছয় মাসের সন্তানকে কোলে নিয়ে বাড়ি থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হলেও শিশুটি সামান্য আঘাত নিয়ে বেঁচে গিয়েছে। পুলিশ জানিয়েছে, মাটিতে পড়ার আগে একটি বেড়ার ওপর শিশুটি পড়ে যাওয়ায় গুরুতর জখম হওয়া থেকে রেহাই পায় শিশুটি। বাসিন্দারা শিশুকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বিপদমুক্ত।
তদন্তে জানা গিয়েছে, মৃত মহিলা আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা। ১১ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর আট বছর বয়সী এক কন্যাও রয়েছে। ঘটনার সময় পরিবারের অন্য লোকজন বাড়িতেই ছিলেন। কিন্তু সবার চোখকে ফাঁকি দিয়ে চরম পদক্ষেপ নেন তিনি। পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি মেডিকেল রেকর্ডও দেখা হচ্ছে। পুলিশের এক আধিকারিক বলেন, ‘আমরা একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছি। প্রাথমিক ভাবে জানা গেছে মহিলা মানসিক চাপে ভুগছিলেন, তবে সঠিক পরিস্থিতি যাচাই করা হচ্ছে।’