ওঙ্কার ডেস্কঃ বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে সিঙ্গুরে। প্রায় দু দশক বাদে ফের সিঙ্গুর শিরোনামে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিঙ্গুরে সভা করে গিয়েছেন। বুধবার সেই সিঙ্গুরের মাটিতেই যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সিঙ্গুরের মাটিতে দারিয়ে শিল্প নিয়ে কোনও কথা না বলায় আশাহত হয়েছেন সাধারণ মানুষ। সূত্রের খবর, সিঙ্গুরের মাটি থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস, সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি রাজনৈতিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানেরও উদ্বোধন তিনি করতে পারেন বলে জানা যাচ্ছে।
বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঘাটালের তিনবারের সাংসদ দীপক আধিকারী, রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুইয়াঁ সহ বিশিষ্ট ব্যক্তিরা।
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জলঘোলা কম হয়নি। কেন্দ্র সরকার সহযোগীতা না করায়, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঘাটালবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য কেন্দ্রের অপেক্ষায় থাকতে হবে না। ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করে দেবে। এজন্য রাজ্য বাজেটে প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। অবশেষে বিধানসভা ভোটের আগেই ঐতিহাসিক সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সিঙ্গুরের বারুইপাড়া পলতাগর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালি এলাকায় সভা করবেন মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রে খবর, বুধবার লক্ষাধিক উপভোক্তার হাতে রাজ্যের আবাসন প্রকল্প ‘বাংলার বাড়ি’র অনুমোদনপত্র তুলে দেবেন।
প্রধানমন্ত্রীর সভার পর তা নিয়ে কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বুধবারের সভা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবা দিতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী।
