ওঙ্কার ডেস্ক: ‘ছাব্বিশে খেলবে মাওবাদীরা’, জঙ্গলমহলে গাছে গাছে ঝোলানো পোস্টারে ফের আতঙ্কিত জঙ্গলমহল। বুধবার সকালে পুরুলিয়ার আঁকরো বরকদম এলাকায় জঙ্গলের বিভিন্ন গাছে সাদা কাগজে লাল কালি তে হাতের লেখা পোস্টার গুলি চোখে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মাথা চারা দিয়ে উঠেছে মাও ভীতি।
স্থানীয়রা মনে করছেন মঙ্গলবার রাতে এলাকা জুড়ে এই পোস্টার গুলো লাগানো হয়েছে। বুধবার সকালে এই সমস্ত লেখা দেখে স্বাভাবিক ভাবেই এলাকায় মাওবাদীদের কার্যাকলাপ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাঁরা।
রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার সাঁটিয়ে গেছে তা কেউ বুঝতে পারেননি। সকালে হঠাৎই এগুলি চোখে পড়তেই দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়। বহু মানুষ পুরোনো দিনের মাওবাদী দাপট ও হিংসার স্মৃতি মনে করে আতঙ্কিত হয়ে পড়েন। একসময় জঙ্গলমহল ছিল মাওবাদী কার্যকলাপের জন্য অত্যন্ত স্পর্শকাতর এলাকা। দীর্ঘদিনের সংঘর্ষ, বিস্ফোরণ এবং নিরাপত্তা বাহিনীর অভিযানের স্মৃতি এখনও অনেকের মনে তাজা। তাই নতুন করে এই ধরনের পোস্টার সামনে আসতেই অস্বস্তি বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকায় পৌঁছে পোস্টারগুলি সরিয়ে ফেলে এবং তদন্ত শুরু করে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পোস্টারগুলিতে বনধের ডাক থাকলেও কোনো নির্দিষ্ট দিন বা সময় উল্লেখ করা নেই, যা স্বাভাবিকভাবেই সন্দেহের সৃষ্টি করছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আতঙ্ক ছড়ানো বা অন্য কোনো উদ্দেশ্যে মাওবাদীদের নাম ব্যবহার করে কেউ এই কাজ করে থাকতে পারে। তবে প্রকৃতপক্ষে এর সঙ্গে কোনো সংগঠিত মাওবাদী গোষ্ঠীর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে নিরাপত্তার স্বার্থে জঙ্গলমহলজুড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে। ভোটের আগে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দীর্ঘদিন শান্ত থাকা এই অঞ্চলে হঠাৎ এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই আশ্বাস দিয়েছে প্রশাসন।
