ওঙ্কার ডেস্ক: আজ থেকে হাওড়া-গুয়াহাটি রুটে যাত্রা শুরু করছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। দীর্ঘ দূরত্বের রাতের যাত্রাকে আরও আরামদায়ক ও আধুনিক করে তুলতেই এই বিশেষ স্লিপার সংস্করণ চালু করেছে রেল। পূর্ব ভারতের দুই গুরুত্বপূর্ণ শহর হাওড়া ও গুয়াহাটিকে যুক্ত করা এই ট্রেন পরিষেবা উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের জন্য বড় স্বস্তি বলে মনে করা হচ্ছে।
রেলের আধুনিক প্রযুক্তিতে তৈরি এই বন্দে ভারত স্লিপার ট্রেনে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কোচ, আরামদায়ক বার্থ, উন্নত সাসপেনশন ব্যবস্থা এবং উন্নত নিরাপত্তা প্রযুক্তি। যেহেতু এটি স্লিপার ট্রেন, তাই দীর্ঘ রাতের যাত্রার কথা মাথায় রেখেই কোচের নকশা করা হয়েছে। যাত্রীদের ঘুম ও বিশ্রামের সুবিধার জন্য কোচে শব্দ ও কম্পন কমানোর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ট্রেনটিতে ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি শ্রেণির বার্থ রয়েছে।
এই ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে মালদা টাউন, নিউ জলপাইগুড়ি হয়ে কামাখ্যা ও গুয়াহাটি পর্যন্ত যাবে। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে যাত্রাবিরতির ফলে এই অঞ্চলের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ব্যবসায়ী, পর্যটক এবং চাকরিজীবীদের জন্য এই ট্রেন বড় সুবিধা নিয়ে আসবে। রেল সূত্রে জানা গিয়েছে, এই বন্দে ভারত স্লিপার ট্রেনে খাবারের ব্যবস্থাও ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। আধুনিক প্যান্ট্রি ও মানসম্মত খাবারের মাধ্যমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার চেষ্টা করার কথা জানানো হয়েছে।
পাশাপাশি, এই ট্রেনে আরএসি বা অপেক্ষমাণ তালিকার ব্যবস্থা নেই। শুধুমাত্র নিশ্চিত টিকিটধারীরাই এই ট্রেনে যাত্রা করতে পারবেন, যা যাত্রীদের মধ্যে বাড়তি নিশ্চয়তা দেবে। যাত্রাপথ ও শ্রেণিভেদে ভাড়া নির্ধারিত হয়েছে, যাতে বিভিন্ন শ্রেণির যাত্রী এই পরিষেবা ব্যবহার করতে পারেন।
