ওঙ্কার ডেস্কঃ ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেতেন অনুব্রত মণ্ডল। রাজ্যে পালাবদল হতেই কেষ্টর নিরাপত্তা সরিয়ে নেওয়া হল। আগে অনুব্রতর বাড়ির সামনে পাহারায় থাকতেন পুলিশ কর্মীরা। সেই পুলিশি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কেবল অনুব্রত মণ্ডলই নয়, তৃণমূল বিধায়ক কাজল শেখ, বোলপুর বিধানসভার বিধায়ক চন্দ্রনাথ সিনহার নিরাপত্তাও সরানো হয়েছে।
জেলা পুলিশ সূত্রে খবর, অনুব্রত মণ্ডল এখন থেকে কেবল একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী পাবেন। কাজল শেখের ক্ষেত্রেও পাইলট, এসকট, হাউস গার্ড তুলে নেওয়া হয়েছে। তিনি বিধায়ক এবং সভাধিপতি হিসাবে এখন থেকে ২ সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবে তাঁর সঙ্গে। প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথেরও নিরাপত্তা কমিয়ে বিধায়ক হিসাবে ২ সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকেই এই ব্যবস্থা কার্যকর হয়েছে।
রাজ্যে পালাবদলে তৃণমূল বিধ্বস্ত। একে একে ভেঙে যাচ্ছে পুরসভা গুলিও। বীরভূমে বিজেপি ৬টি আসন পেয়েছে। ফলাফল প্রকাশের পর থেকে জেলায় দেখা যাচ্ছে না তৃণমূলের ছোট-বড় নেতাদের। নীচুপট্টির বাড়িও শুনশান। প্রকাশ্যে আসেননি অনুব্রতও।